সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর ও অবিচল আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (বরিশাল), এবিসিনিউজবিডি, (১৩ জুলাই) : বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এ দেশের মানুষের গভীর ও অবিচল আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় আমাদের সেনাবাহিনী বরাবরই সাহসিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এক অনন্য ও আন্তরিক পরিবেশ তৈরি করেন।
তিনি পায়ে হেঁটে দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছে যান, তাঁদের খোঁজখবর নেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন। একপর্যায়ে তিনি সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে সময় কাটান এবং মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতার কথা শোনেন। শুধু তাই নয়, যুদ্ধকালীন যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে তৈরি খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কৌটার ভেতর মোম জ্বালিয়ে তৈরি করা আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি ও ডিমের তরকারি দিয়ে সেনাসদস্যদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি।
নিজের স্মৃতি চারণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি একটি সেনা পরিবারে বড় হয়েছি। তাই সেনাসদস্যদের মাঝে এলে শৈশবের কথা মনে পড়ে যায়, ভীষণ ভালো লাগে।”
মহড়াকালে প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে আধুনিক ‘অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেম’-এর কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। সেনা কর্মকর্তারা তাঁকে এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার নানা কৌশলগত দিক সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চেও বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মনোয়ারুল হক/
