গৌরনদীতে একযোগে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (বরিশাল), এবিসিনিউজবিডি, (১৩ জুলাই) : বৃষ্টিভেজা আবহাওয়া উপেক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাড়ে উপস্থিত হয়ে তিনি নিজে নারিকেল ও নিমসহ কয়েকটি চারা রোপণ করে একযোগে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত বর্ণাঢ্য এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রশাসন, বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লব।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও দেশীয় বিরূপ প্রভাবের কথা স্মরণ করিয়ে দেন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ঋতু পরিবর্তনের এই ক্রান্তিকালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে ব্যাপকভাবে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। একই সাথে তিনি আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণের এক মহাপরিকল্পনার কথা ব্যক্ত করেন। তবে কেবল গাছ লাগানোই শেষ কথা নয়, বরং প্রতিটি চারাকে সন্তানের মতো পরম মমতায় পরিচর্যা করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।

সরকারপ্রধান হিসেবে বরিশালে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে তিনি গৌরনদীর ভূরঘাটায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। গৌরনদীর এই সবুজ কর্মসূচি সম্পন্ন করে তিনি বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডধারী ৬১৩ জন সুবিধাভোগী এবং গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এরপর সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হয়ে ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সফরসূচির শেষ অংশে, বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সিটি করপোরেশন ও জেলা পরিষদের শীর্ষ প্রশাসকেরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ