প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফরে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (বরিশাল), এবিসিনিউজবিডি, (১৩ জুলাই) : সরকার গঠনের পর প্রথম ১ দিনের রাষ্ট্রীয় সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে তিনি বরিশালের গৌরনদীর ভূরঘাটা সীমান্তে এসে পৌঁছান। সেখানে স্থানীয় প্রশাসন ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রী ও তাঁর গাড়িবহরকে জমকালো ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে মহাসড়কের দুই পাশে উৎসুক জনতা ও দলীয় কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
ব্যস্ততম এই সফরে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের তীরে বৃক্ষরোপণ, বাটাজোরে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ উৎসব, বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে চারা রোপণ এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশেষ সাংগঠনিক সভায় যোগদান।
প্রধানমন্ত্রীর এই প্রথম সফরকে ঘিরে গোটা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ এই সফর থেকে এ অঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের বিষয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে। সব আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার সন্ধ্যায় সড়কপথেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
মনোয়ারুল হক/
