অপ্রয়োজনীয় সিজারিয়ান কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ জুলাই) : দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) বৃদ্ধিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানবিক সংকটাপন্ন পরিস্থিতিতে খেলাধুলা, শিক্ষা ও দক্ষতা টিকিয়ে রাখা (স্প্ল্যাশ)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ানের ফলে নবজাতকেরা জন্মের পরপরই পুষ্টিগুণে ভরপুর শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে, যা শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এই সিজারিয়ান সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক প্রসবের পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর।

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী জানান, নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮০ হাজারই থাকবেন নারী কর্মী। এদের একটি বড় অংশ মিডওয়াইফ ও কেয়ারগিভার হিসেবে মাঠপর্যায়ে গর্ভবতী নারীদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ প্রদান করবেন।

এ ছাড়া উপজেলা পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং, প্রান্তিক হাসপাতালে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারেও সরকার কাজ করছে। শিশু ও তরুণ প্রজন্মকে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ