যুক্তরাজ্যে ইহুদিদের সুরক্ষায় সরকারের ২৫০ মিলিয়ন পাউন্ডের মেগা পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৩ জুলাই) : সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ইহুদিবিদ্বেষী হামলা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

আগামী তিন বছরে এই সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন (২৫ কোটি) পাউন্ডের বেশি অর্থ ব্যয়ের একটি বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইহুদি অধ্যুষিত এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোর নিরাপত্তা আরও জোরদার করা।

এই বিশাল তহবিলের একটি বড় অংশ ব্যয় করা হবে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনে। পরিকল্পনা অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ৫০০ জনেরও বেশি নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যারা সার্বক্ষণিক টহল ও নজরদারির দায়িত্বে থাকবেন। এর মধ্যে শুধু লন্ডনেই প্রায় ৩০০ জন এবং গ্রেটার ম্যানচেস্টারে ৮০ জন অতিরিক্ত পুলিশ সদস্য যুক্ত করা হচ্ছে। এছাড়াও ইহুদি বসতিপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পৃথকভাবে আরও ৪৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দের অংশ হিসেবে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ পাবে ৮৬ মিলিয়ন পাউন্ড এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে ব্যয় হবে ৫৯ মিলিয়ন পাউন্ড।

উল্লেখ্য, গত কয়েক মাসে যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে মার্চ মাসে চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ এবং এপ্রিলে উত্তর লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা দেশজুড়ে উদ্বেগ তৈরি করে, যার ফলে জাতীয় সন্ত্রাসবাদ হুমকির মাত্রা ‘উল্লেখযোগ্য’ থেকে বাড়িয়ে ‘গুরুতর’ করা হয়।

এর আগে ঘোষিত ২৫ মিলিয়ন পাউন্ডের অতিরিক্ত হিসেবে এই নতুন মেগা তহবিলটি দেওয়া হচ্ছে। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে জানান, ইহুদিবিদ্বেষ বৃদ্ধি পাওয়া ব্রিটেনের মূল মূল্যবোধের পরিপন্থী এবং এই ধরনের ঘৃণা ও সহিংসতা মোকাবিলা করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সূত্রঃ রয়টার্স

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ