জনস্বার্থবিরোধী আইএমএফ প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ জুলাই) :  দেশের অর্থনৈতিক সুরক্ষা ও জনগণের স্বার্থ অক্ষুণ্ন রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিগত সরকারের জনস্বার্থবিরোধী কর্মসূচি থেকে বর্তমান সরকার সরে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই মানুষের কল্যাণ বিঘ্নিত করে আইএমএফের কোনো শর্ত বা কর্মসূচিতে সরকার অংশ নেবে না। বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য কেবল অর্থসংস্থান নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও জাতীয় স্বার্থ শতভাগ সুরক্ষিত রাখা।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের নেওয়া আইএমএফের কর্মসূচিতে এমন কিছু শর্ত ছিল যা একটি গণতান্ত্রিক ও জনগণের দ্বারা নির্বাচিত সরকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তাই জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সেই প্রোগ্রাম বাতিল করা হয়েছে এবং জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে একটি নতুন ও কল্যাণমুখী কর্মসূচি গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাশাপাশি, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশের বর্তমান ভিসানীতি সংস্কারের ওপর জোর দেন অর্থমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে আস্থা বৃদ্ধি ও অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে ভিসানীতিকে আরও সহজ ও যুগোপযোগী করা হবে। এই আধুনিকায়নের ফলে দেশে বিদেশি পর্যটকদের আগমন যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন।

 মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ