দুর্গত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও ত্রাণে সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ জুলাই) : দেশের অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের সাথে কাজ করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনদের সাথে আয়োজিত এক জরুরি ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষা নিশ্চিত করাকেই প্রশাসনের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে যেকোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার তাগিদ দেন। একই সাথে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, স্যানিটেশন, যোগাযোগ ব্যবস্থা সচল রাখাসহ নারী, শিশু, বয়োবৃদ্ধ ও গর্ভবতীদের বিশেষ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। দুর্যোগের সুযোগ নিয়ে চুরি, ডাকাতি, মজুতদারি বা ত্রাণ আত্মসাতের মতো অপরাধ রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।

সভায় দেশের সামগ্রিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে চট্টগ্রামের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেটের মনু নদের বাঁধ ভাঙনে অবনতি এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানানো হয়। উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সকল ঝুঁকি বিবেচনায় রেখে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় জনবল নিয়ে সার্বক্ষণিক জনগণের পাশে থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ