অঝোর বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক, যানজট-জলাবদ্ধতায় নাকাল নগরবাসী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ জুলাই) : টানা ও ভারী বর্ষণে ডুবল রাজধানী ঢাকা। আজ রোববার ভোররাত থেকেই শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টিতে ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবই এখন পানির নিচে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে কেবল আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্তই ঝরেছে ৮২ মিলিমিটার বৃষ্টি। মৌসুমী বায়ুর তীব্র সক্রিয়তা ও সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আজ সারাদিনই রাজধানীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হঠাৎ এই জলজট আর তীব্র যানজটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। মিরপুরের কাজীপাড়া, কালশী, কারওয়ান বাজার, ধানমন্ডি ও বিজয় সরণির মতো ব্যস্ততম এলাকাগুলোয় কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে। ফুটপাত তলিয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার চাকা থমকে গেছে, তবে এমন দুর্যোগেও স্বস্তি এনে দিয়েছে মেট্রোরেল। স্বাভাবিক নিয়মে চলাচল করায় মেট্রোরেল স্টেশনগুলোতে আজ কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
এদিকে নজিরবিহীন এই জলাবদ্ধতার বড় ধাক্কা লেগেছে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনা করে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ধানমণ্ডি কামরুন্নেছা স্কুলের আজকের পূর্বনির্ধারিত অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শুধু ঢাকা নয়, সাগরে নিম্নচাপের কারণে দেশের সাতটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল সোমবার থেকে বৃষ্টির এই তাণ্ডব কিছুটা কমে আসতে পারে।
মনোয়ারুল হক/
