সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ জুলাই) : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভাষা সংগ্রামী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার এক বিশেষ শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অত্যন্ত দক্ষতার সাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকারের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, ভূমি, পররাষ্ট্র এবং গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। সংসদীয় সংস্কৃতির বিকাশ ও জনকল্যাণে তাঁর ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের আদর্শে অবিচল থাকা এই নেতা দলের কঠিন সময়েও কখনো আদর্শচ্যুত হননি। বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর এই বিদায় দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং তাঁর কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
মনোয়ারুল হক/
