তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ জুলাই) : তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি এবং সম্ভাবনার মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, নতুন প্রজন্মের মূল প্রত্যাশা হলো মৌলিক চাহিদার প্রাপ্তি এবং ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ভাগ্যোন্নয়নের সমান সুযোগ নিশ্চিত করা।

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ উদযাপিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ, যার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ।

“আমাদের এই বিপুল জনসংখ্যাকে যদি দক্ষ জনসম্পদে রূপান্তর করা যায়, তবেই নতুন প্রজন্মের স্বপ্ন পূরণ হবে এবং একটি সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হবে।”

এই প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য—‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার দেশের যুবসমাজকে সুশিক্ষিত, দক্ষ, স্বনির্ভর এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনশীল করতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিশেষ করে যুবসমাজের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক, বাল্যবিয়ে ও সামাজিক সহিংসতার মতো অবক্ষয় রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।

নাগরিকদের সুস্বাস্থ্য ও পরিকল্পিত পরিবারকে একটি কর্মক্ষম জাতি গঠনের পূর্বশর্ত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তরুণদের প্রকৃত মানবসম্পদে পরিণত করতে স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন সেবাকে আরও কার্যকর ও সর্বজনীন করতে হবে।

সবশেষে, তরুণদের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ