হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২ জুলাই) : পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নজিরবিহীন ভাষায় কঠোর বার্তা দিয়েছে ইরান।
এই আন্তর্জাতিক নৌপথে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো ধরনের হস্তক্ষেপ বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের নির্ধারিত সামুদ্রিক নিয়ম ও রুট কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
বৃহস্পতিবার (২ জুলাই) ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরাসরি ওয়াশিংটনকে নিশানা করে বলা হয়, হরমুজ প্রণালি আগ্রাসী আমেরিকার কোনো খেলার মাঠ নয়। এটি সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের অংশ। এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। ফলে এখানে মার্কিন তরফ থেকে যেকোনো ধরনের উসকানি বা হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার ‘দ্রুত ও কঠোর’ জবাব দেওয়া হবে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বার্তার পাশাপাশি রাজনৈতিকভাবেও সুর চড়িয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক হুঁশিয়ারিতে জানিয়েছেন, ইরানের জনগণ কিংবা তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, ট্রাম্প তেল আবিবে থাকা তার ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণে রাখার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বজায় থাকে। যদি তারা প্রভুর নির্দেশ অমান্য করে কোনো ধরনের ধৃষ্টতা দেখায়, তবে ইরান তাদের কঠোর শিক্ষা দেবে।
মূলত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই তীব্র ক্ষোভ। সম্প্রতি কাটজ দাবি করেছিলেন যে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাদের হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ইসরায়েলের এমন সুদূরপ্রসারী হুমকির জবাবেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ জোরদার এবং একই সাথে ওয়াশিংটন ও তেল আবিবকে একযোগে চরম হুঁশিয়ারি দিল তেহরান। সূত্র : আল জাজিরা
মনোয়ারুল হক/
