স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুলাই) : বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় আসে।

বৈঠককালে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লড়াইয়ে বাংলাদেশ শুরু থেকেই ঐতিহাসিক ও অবিচল সমর্থন দিয়ে আসছে। তিনি বিশেষভাবে স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে ফিলিস্তিনের অধিকারের পক্ষে বিশ্ব জনমত গঠনে এক অবিস্মরণীয় ও জোরালো ভূমিকা পালন করেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক অবস্থান ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

আলোচনায় অংশ নিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান জানান, বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। ফিলিস্তিনি শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও যাতায়াত আরও নির্বিঘ্ন করতে তিনি বাংলাদেশে আসার ক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসা সুবিধার জন্য বিশেষ সহযোগিতা কামনা করেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

এ ছাড়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী যদি বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেন, তবে তা যথাযথভাবে যাচাইয়ের জন্য আবেদনের একটি অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানোর অনুরোধ জানান রাষ্ট্রদূত। স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনকে একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি ও বিশ্বাস করি।” ফিলিস্তিনিদের কল্যাণে বাংলাদেশ সব সময় যেকোনো ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে বলেও তিনি যোগ করেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নেতিবাচক অপপ্রচার চালাচ্ছে, তাদের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। এ ধরনের সাইবার অপরাধের সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় তাকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইন চার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ