এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুলাই) : দেশের শিক্ষাখাতে এক বিশাল কর্মসংস্থানের সুখবর নিয়ে এসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে খুব শীঘ্রই এক লাখেরও বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন’ সংক্রান্ত এক বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০টি প্রধান শিক্ষক পদের নিয়োগ জটিলতা অবশেষে কাটল। এ সংক্রান্ত একটি মামলার আপিল বিভাগে সরকারের পক্ষে রায় আসায় এখন দ্রুত গতিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। এর পাশাপাশি দেশের বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরও প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বড় অঙ্কের এই শিক্ষক নিয়োগ দেশের শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের সার্বিক শিক্ষা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের চিত্র তুলে ধরেন। এদিন দেশজুড়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের যে আনুষ্ঠানিকতা ছিল, এখন আর তার প্রয়োজন পড়ছে না। পুরো প্রক্রিয়ায় এক ধরণের পদ্ধতিগত ও সুশৃঙ্খল পরিবর্তন এসেছে, যা আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিরই প্রমাণ।
অনুষ্ঠানে শিক্ষা খাতে আরেকটি বড় প্রাপ্তির কথা উল্লেখ করা হয়। চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফ-এর গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) আওতায় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের বিপুল অর্থায়ন অনুমোদন করা হয়েছে। জিপিই-র এই জমকালো আয়োজনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মনোয়ারুল হক/
