প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুলাই) : বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও বেগবান করতে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠককালে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের ন্যায্য লড়াইয়ের প্রতি বাংলাদেশের অবিচল ও ঐতিহাসিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিন সংকটের একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের পক্ষে ঢাকার অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন তিনি।

অন্যদিকে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সরকার ও জনগণের অকুণ্ঠ ও নিঃস্বার্থ সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কেবল রাজনৈতিক সমর্থনই নয়, বরং বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যকার পারষ্পরিক যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।

ঐতিহ্যবাহী এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও অর্থবহ ও সুদৃঢ় করতে আগামী দিনগুলোতে নিয়মিত সংলাপ ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষই একমত পোষণ করেছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ