বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ জুলাই) : বাংলাদেশ ও মরক্কোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাণিজ্য, বিনিয়োগ এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর বৃদ্ধির ওপর জোর দিয়েছে দুই দেশ। বিশেষ করে বস্ত্র, ওষুধ এবং সামুদ্রিক সম্পদের মতো সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মরক্কো।
বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে এই প্রস্তাব দেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফলপ্রসূ আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে মরক্কোর রাষ্ট্রদূত তাঁর দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের সুবিধা তুলে ধরে বলেন, ইউরোপ এবং আফ্রিকার বাজারে প্রবেশের ক্ষেত্রে মরক্কো একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে দুই দেশ যৌথভাবে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস এবং ব্লু-ইকোনমি তথা সামুদ্রিক খাতে বড় ধরনের অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। পাশাপাশি, মরক্কো বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি আমদানির আগ্রহ প্রকাশ করার পাশাপাশি সব ধরনের পারস্পরিক সহযোগিতা বাড়াতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই বন্ধুপ্রতিম দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠকে তৈরি পোশাক, ওষুধশিল্প, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক সম্পদ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি রপ্তানির মতো প্রথাগত খাতের পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন বাড়াতে নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং ভিসা অব্যাহতি চুক্তির মতো উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মনোয়ারুল হক/
