নজরদারি ও নতুন প্রযুক্তিতে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুলাই) : টানটান উত্তেজনা আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেশজুড়ে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস রোধ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে এবার প্রশাসনের পক্ষ থেকে নজিরবিহীন নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি এবারই প্রথম দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের শরীরে যুক্ত করা হয়েছে ‘বডি-ওর্ন ক্যামেরা’।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী মেধা যাচাইয়ের এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। এর মধ্যে মূল স্রোতের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের (আলিম) অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। ৯টি সাধারণ বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের জন্য পৃথক প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।
সূচনালগ্নে আজ প্রথম দিনে সাধারণ বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডে আলিমের ‘কোরআন মাজিদ’ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি)-র ‘বাংলা-২’ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা নির্বিঘ্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ ‘কেন্দ্রীয় মনিটরিং সেল’ গঠন করা হয়েছে, যা সরাসরি বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এবারের পরীক্ষা সূচিতে দেখা গেছে, মোট ৭৭টি বিষয়ের ওপর ২১ দিনব্যাপী এই পরীক্ষা চলবে। সাধারণ ও মাদ্রাসা বোর্ডের তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হওয়ার পর ১৫ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন মেয়াদের তত্ত্বীয় পরীক্ষা জুলাই থেকে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে।
চলতি বছর সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন। এর মধ্যে সাধারণ বোর্ডগুলোর অধীনে কেন্দ্র সংখ্যা ১ হাজার ৬২৬টি, মাদ্রাসায় ৪৬১টি এবং কারিগরি বোর্ডে ৬১০টি।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে বরাবরের মতোই ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, যা ৩ লাখ ৩৯৩ জন। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং সবচেয়ে কম বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
মনোয়ারুল হক/
