একই প্রশ্নপত্রে আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুলাই) : দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে একযোগে শুরু হচ্ছে।

শিক্ষাঙ্গনে এবার বড় পরিবর্তন এনে দেশের সব শিক্ষাবোর্ডে অভিন্ন বা একই প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল আলোচিত প্রশ্নফাঁসের অপতৎপরতা রুখতে এবার ঢেলে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্ন ফাঁসের কোনো রকম সুযোগ বা সম্ভাবনা এবার নেই। তবে সব বোর্ডে একই মানদণ্ড বজায় রেখে খাতা মূল্যায়ন করা এবং প্রশ্নফাঁস শতভাগ প্রতিরোধ করাকেই এখন মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দেশের শিক্ষাবিদরা।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গতবারের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের এই শিক্ষাযজ্ঞ।

সারা দেশে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ৪০টিই রয়েছে রাজধানী ঢাকায়। পরীক্ষা সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে সম্পন্ন করতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম এবং শৌচাগার তল্লাশিসহ মোট ৩৫ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আশ্বস্ত করে জানিয়েছেন, প্রশ্নফাঁসের কোনো অবকাশ নেই। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে কোনো কারণে যদি প্রশ্নফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে সারা দেশে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হবে এবং পরবর্তীতে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

এদিকে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় বা নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রে কোনো নকল ধরা পড়লে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থীই নয়, দায়বদ্ধতার জায়গা থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সময়সূচি অনুযায়ী আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে এইচএসসির লিখিত পরীক্ষা। এরপর ৯ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে সমাপন করা হবে ব্যবহারিক পরীক্ষা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ