প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুলাই) : জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া সহায়তার পরিমাণ ৩১২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার ইতিবাচক আশ্বাস দিয়েছে জাপান।

বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই ইঙ্গিত মেলে।

জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর নেতৃত্বে উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুসহ বাংলাদেশে জাইকার অর্থায়নে চলমান মেগা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, মেট্রোরেল (এমআরটি) লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের বিষয়গুলো প্রাধান্য পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে।

এছাড়া দু’দেশের মধ্যে স্বাক্ষরিত ‘বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিরক্ষা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও এই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে। জাপানি প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি প্যাট্রোল বোট উপহার দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে নিশ্চিত করা হয়। পাশাপাশি বহুল আলোচিত রোহিঙ্গা সংকট নিয়ে দীর্ঘ আলোচনা হয়; যেখানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে জাপানের আরও সক্রিয় ভূমিকা ও ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

ফলপ্রসূ এই আলোচনা শেষে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আন্তরিক আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে তা করার সদয় সম্মতি জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান। জাপানের পক্ষে অংশ নেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো এবং জাইকার বাংলাদেশ প্রধান তাকাহাশি জুনকো।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ