সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে সাইবার নিরাপত্তাই জরুরি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুলাই) : বদলে গেছে নিরাপত্তার চিরাচরিত সংজ্ঞা। আধুনিক এই সময়ে কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটার নেটওয়ার্ককে হ্যাকারদের কবল থেকে মুক্ত রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি হাজার মাইলের ভৌগোলিক সীমানা সুরক্ষার চেয়েও এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি হয়ে পড়েছে।
বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
‘সময়ের স্পন্দনে, আকাক্সক্ষা পূরণে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ মানেই কেবল অস্ত্রের লড়াই নয়, আর যোগাযোগ মানেই শুধু কথার আদান-প্রদান নয়। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে একটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। প্রযুক্তির চলমান পরিবর্তনকে অত্যন্ত গতিশীল বা ‘ডাইনামিক’ উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতায় আমাদের চিন্তাভাবনা স্থবির রাখার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে আপগ্রেড করতে হবে; অন্যথায় আজকের আধুনিক মানুষটিও আগামীকাল অচল বা অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ জনবলকে প্রথাগত গণ্ডি থেকে বের করে আধুনিক ও সময়োপযোগী চিন্তায় রূপান্তর করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তথ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন- এনালগ ও ডিজিটাল যুগের পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতায় ‘ডিজিটাল লিডারশিপ’ গ্রহণ করায় বাহিনীর নেতৃত্ব সাধুবাদ পাওয়ার যোগ্য। সরকারের সামগ্রিক তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনায় আনসার বাহিনীর তৈরি এই ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্মটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে। এই প্ল্যাটফর্মটিকে অন্যান্য সরকারি দপ্তরের জন্য একটি চমৎকার শিক্ষণীয় মডেল বা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অন্যদিকে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ। উদ্বোধনী এই অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
