তিন নতুন উপজেলা ও এক থানা অনুমোদনের মাধ্যমে দেশের প্রশাসনিক মানচিত্রে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুলাই) : দেশের প্রশাসনিক কাঠামোতে যুক্ত হলো নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা। সরকারের ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২১তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুনভাবে আত্মপ্রকাশ করা উপজেলা তিনটি হলো— চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে ভেঙে গঠন করা হয়েছে নতুন ‘হালদা’ থানা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি জানান, নতুন এই প্রশাসনিক ইউনিটগুলো অনুমোদনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প’র নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলোকে ঢাকা জেলার সীমানায় অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাসের বিবরণ তুলে ধরে জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। কুমিল্লার ঐতিহ্যবাহী মুরাদনগর উপজেলাকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। অন্যদিকে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়নকে যুক্ত করে গঠন করা হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক নজরদারি জোরদারে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে নতুন একটি থানার অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের এই নীতি-নির্ধারণী বৈঠকে দেশের বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উচ্চপদস্থ আমলারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম এবং গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের। এছাড়াও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এই সভায় অংশ নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ