উত্তেজনা ছড়ালে পাল্টা আঘাত: ইরানকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৭ জুন) : তেহরানকে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না করার জন্য চরম বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরানকে কঠোর ভাষায় সতর্ক করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেকোনো ধরনের সহিংসতার জবাব সহিংসতা দিয়েই ফিরিয়ে দেওয়া হবে। আমেরিকার ওপর বা তাদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আঘাত এলে ওয়াশিংটন যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা ভ্যান্সের এই মন্তব্যে স্পষ্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইরান একটি নির্দিষ্ট যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল এবং আমেরিকা বরাবরই সেই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করে আসছে। সমঝোতা স্মারকের বাস্তবায়ন বা এর কোনো ধারা নিয়ে যদি তেহরানের কোনো আপত্তি কিংবা দ্বিমত থাকে, তবে তারা আলোচনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারে। কিন্তু তা না করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিণাম ভালো হবে না।
এর আগে পারস্য উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার পেছনে তেহরানের হাত রয়েছে বলে জোরালো দাবি করে ট্রাম্প প্রশাসন। ওই ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এই হুঁশিয়ারি বার্তাটি সামনে এলো। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পারদ আরও উঁচুতে চড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র: মিডল ইস্ট আই
মনোয়ারুল হক/
