চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ জুন) : প্রথম দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারদিনের চীন সফর শেষে আজ (শুক্রবার) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে চায়না সাউথার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার পথে উড়াল দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি লালগালিচা সংবর্ধনা পেরিয়ে বিমানে আরোহণ করেন।
এর আগে, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার সফর পর্ব শেষ করে গত সোমবার রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেন।
দালিয়ানের কর্মসূচি শেষে গত বুধবার দুপুরে হাই স্পিড বুলেট ট্রেনে চেপে বেইজিংয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং সফরে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পাশাপাশি, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথেও তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেইজিংয়ে অবস্থানকালে চীনের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত একটি বড় বিনিয়োগ সম্মেলনেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে এই সফর শেষে এখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন।
মনোয়ারুল হক/
