মাদক নির্মূলে আসছে নতুন আইন, তরুণ সমাজকে রক্ষার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ জুন) : বদলে যাওয়া আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত পুরনো আইন দিয়ে আর মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই মারাত্মক সামাজিক ব্যাধি রুখতে যুগোপযোগী ও কঠোর নতুন আইনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকবিরোধী অবস্থান আরও জোরদার করতে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইনের প্রয়োজনীয় সংশোধনী জাতীয় সংসদে পেশ করা হবে। জুয়া ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু কঠোর আইন প্রণয়ন করলেই হবে না, এর সঠিক প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই মাদক নির্মূলের সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বর্তমান মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে নারী, শিশু ও কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মরণনেশায় জড়িয়ে পড়ছে। দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে তরুণ সমাজকে যেকোনো মূল্যে মাদক থেকে দূরে রাখতে হবে। একই সাথে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এবং মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে প্রশাসনকে আরও কঠোর ও আপসহীন ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ