চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ জুন) : মালয়েশিয়ায় সফল দ্বিপক্ষীয় সফর সমাপ্ত করে এবার চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট চীনের দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এরপর কড়া নিরাপত্তা ও মোটর শোভাযাত্রা সহকারে তাঁদের নিয়ে যাওয়া হয় আবাসনস্থল হোটেল শাংগ্রি-লা’তে। চীনের দালিয়ানে আগামী দুই দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের প্রথমাংশে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বিকেল ৫টায় চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। এর আগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা সফলভাবে সম্পন্ন করেন তিনি। এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) এবং দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।
দালিয়ানে দুই দিনের কর্মব্যস্ত সূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তাঁর এই সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা ও দ্বিপক্ষীয় বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মর্যাদাপূর্ণ ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) যোগ দেবেন।
ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ পদার্পণের এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, এই সফর দুই দেশের অতীত সুসম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করার পাশাপাশি আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন পথরেখা তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
মনোয়ারুল হক/
