পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ জুন) : ডালাস স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। ম্যাচের শুরুটা ছিল কিছুটা আক্ষেপের। তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু অষ্টম মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি, যা বিশ্বকাপে তার ব্যক্তিগত পরিসংখ্যানের পাতায় যুক্ত করে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।
শুরুর সেই হতাশা ঝেড়ে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন মেসি। ৩৮তম মিনিটে থিয়াগো আলমাদার বুদ্ধিমত্তায় গড়া সুযোগ থেকে বাঁ পায়ের নিখুঁত শটে তিনি বল জড়ান অস্ট্রিয়ার জালে। এই গোলটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়; মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড টপকে ১৭ গোল নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শেষ দিকে অস্ট্রিয়া রক্ষণভাগের প্রতিরোধের মুখে পড়লেও ইনজুরি টাইমের (৯৫ মিনিট) শেষ সুযোগটি দারুণভাবে কাজে লাগান মেসি। জুলিয়ান আলভারেজের শট বাধা পেয়ে ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। তাদের এই দারুণ পারফরম্যান্সে গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্বে জায়গা করে নিলেন বর্তমান চ্যাম্পিয়নরা।
মনোয়ারুল হক/
