ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ জুন) : নাটকীয়তার খাতা খুলে শুরুটা হয়েছিল ভুল দিয়ে, তবে শেষটা হলো সোনালী ইতিহাসে। ফুটবলের মহাজাদুকর লিওনেল মেসি এবার বিশ্বকাপের ইতিহাসে নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।
জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে এখন বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন এই মহাতারকা। বিশ্বকাপের মঞ্চে ক্লোসার ১৬ গোলের রেকর্ড টপকে মেসির গোলসংখ্যা এখন ১৭।
গত রাতে (২২ জুন) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া। ম্যাচের শুরুতেই মেসির সামনে সুযোগ এসেছিল রেকর্ডটি নিজের করে নেওয়ার। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় রেকর্ড বুক ওলটপালট করার অপেক্ষা কিছুটা বাড়ে। তবে রেকর্ড যার পায়ে চুমু খেতে ব্যাকুল, তাকে কি আর পেনাল্টি মিসের আক্ষেপে আটকে রাখা যায়? প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগেই আসে সেই মাহেন্দ্রক্ষণ।
ম্যাচের ৩৮তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার বাড়ানো দারুণ এক ক্রস চতুরতার সঙ্গে ছেড়ে দেন থিয়াগো আলমাদা। পেছনে থাকা মেসি বলের নিয়ন্ত্রণ নিয়ে নিজের চেনা ছন্দে বক্সে ঢুকে এক নিপুণ নিচু শটে বল জালে জড়ান। আর এই দুর্দান্ত গোলের সঙ্গেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এককভাবে বসে পড়েন তিনি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এলএমটেন; আর অস্ট্রিয়ার বিপক্ষে কালকের ম্যাচটি তাকে বসিয়ে দিল ইতিহাসের সবচেয়ে উঁচুতে।
মনোয়ারুল হক/
