প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া জয় করে এবার চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ জুন) : মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সফরের সফল সমাপ্তি টেনে এবার চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায় কমপ্লেক্স’ থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের পথে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, চীনের দালিয়ানে তিনি আগামী দুই দিন বেশ ব্যস্ত সময় পার করবেন। সেখানে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। দালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী পাড়ি জমাবেন দেশটির রাজধানী বেইজিংয়ে, যেখানে তাঁর এই চীন সফরের মূল কূটনৈতিক ও সরকারি কার্যসূচিগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কুয়ালালামপুর ছাড়ার প্রাক্কালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। দুই দিনের এই মালয়েশিয়া সফরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে প্রথমে একান্ত বৈঠক এবং পরবর্তীতে প্রতিনিধি দলসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ