নাশকতার শঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েন, কঠোর অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ জুন) : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্ভাব্য যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে নতুন করে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সরকারের কাছে থাকা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরীসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় মাঠপর্যায়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এই সময়ে আইন অনুযায়ী সেনাসদস্যদের বিশেষ বেসামরিক ক্ষমতাও দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ এই দলটির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল-মিটিংসহ নানাবিধ কর্মকাণ্ডের চেষ্টা লক্ষ্য করা গেছে। এসব তৎপরতার আড়ালে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর একটি সুপ্ত পাঁয়তারা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতা রুখতে ইতিমধ্যে সবকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাঠপর্যায়ে দীর্ঘ প্রায় দেড় বছর সুনামের সাথে দায়িত্ব পালন শেষে গত ১৫ জুন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ে এই পদক্ষেপ নেওয়া হলেও, নতুন করে নাশকতার চেষ্টা ও গোয়েন্দা বার্তার প্রেক্ষিতে জননিরাপত্তার স্বার্থেই নির্দিষ্ট কিছু জেলায় পুনরায় সাময়িকভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল সরকার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ