১১ জনকল্যাণমূলক সংস্থায় অনুদানে মিলবে আয়কর রেয়াত, সরকারি প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ জুন) : মানবসেবা ও জনকল্যাণমূলক কাজে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদানকে আরও উৎসাহিত করতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ১১টি সুপরিচিত মানবকল্যাণকর প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি দিয়ে এগুলোতে অনুদান দেওয়ার বিপরীতে আয়কর রেয়াত বা কর ছাড়ের সুবিধা ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘আয়কর আইন, ২০২৩’-এর ৭৬ ধারার ১ উপধারার আওতায় এই বিশেষ কর রেয়াত সুবিধা অনুমোদন করা হয়েছে। এর ফলে, সাধারণ কোনো ব্যক্তি-করদাতা যদি এই নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোতে দান বা অনুদান প্রদান করেন, তবে তিনি দেশের প্রচলিত আয়কর আইন অনুযায়ী কর ছাড়ের দাবিদার হবেন।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ এন্ড রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সুবিধা আগামী ১ জুলাই কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ