কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী: পাতলী খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ জুন) : এক সংক্ষিপ্ত সফরে দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এই সরকারি সফরে তাঁর সাথে রয়েছেন ফার্স্ট লেডি ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, শনিবার (১৩ জুন) সকাল পৌনে ৯টায় সরকার প্রধান গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখান থেকে আকাশপথে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের ‘পাতলী খাল’ পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই উন্নয়নমূলক কাজের উদ্বোধনের পর তিনি সেখানে আয়োজিত একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে এই সফরে বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন গণমুখী কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কক্সবাজারের নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করে আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ