এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ অক্টোবর): আজ শনিবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন।
উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল উন্মুক্ত করা হবে।
যেভাবে ফলাফল জানা যাবে
অনলাইন মাধ্যম: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd অথবা https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে প্রবেশ করে নিজ নিজ শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফল ডাউনলোড করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীরা তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ডের নির্ধারিত কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবেন।
মোবাইল এসএমএস: যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। মেসেজের ফরম্যাটটি হলো– HSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পাশের বছর> এবং তা পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। যেমন: ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর জন্য ফরম্যাটটি হবে— HSC Dha 123456 2026 এবং এটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে এবার কোনো ফলাফল সরবরাহ করা হবে না।
এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
মনোয়ারুল হক/
