মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০ অক্টোবর): জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকার পর অবশেষে কাজে ফিরেছেন। গত ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয় এবং উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়, যেখানে আরেকটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা, লম্বা বিশ্রাম ও কেমোথেরাপির মতো কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। ফলে প্রায় নয় মাস ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি তিনি। তবে সব প্রতিকূলতা পেরিয়ে লাইট-ক্যামেরা অ্যাকশনের চেনা দুনিয়ায় ফিরে দারুণ উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি।

ইতিমধ্যেই নতুন একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন তিনি। ‘অংশীদার’ নামের এই নাটকটির গল্প রচনার পাশাপাশি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। এতে সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেত্রীর শুটিংয়ে ফেরার এই খবর প্রকাশ্যে আসতেই তার ভক্ত ও সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

জানা গেছে, নাটকটি খুব দ্রুতই মুক্তি পাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেলে। এর আগে গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক পরিস্থিতি ও কাজে ফেরার পরিকল্পনার কথা ভক্তদের জানিয়েছিলেন তানিয়া। সে সময় তিনি জানান যে, আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ আছেন, যদিও তখনো তার কেমোথেরাপি চলছিল। ছয় মাসের চিকিৎসাপদ্ধতির মধ্যে তখন তিন মাস পার হয়ে চতুর্থ মাস চলছিলো। কাজে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন শুটিংয়ের বাইরে থাকায় তার চেনা কর্মক্ষেত্রটিকে ভীষণ মিস করছিলেন। পাশাপাশি ভক্তদের ভালোবাসা এবং অপেক্ষা তাকে কাজে ফেরার বড় অনুপ্রেরণা জুগিয়েছে। এখন থেকে নিয়মিতভাবেই অভিনয় চালিয়ে যেতে চান এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১২ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হিসেবে শোবিজে পা রেখেছিলেন তানিয়া বৃষ্টি। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে অভিনয়ের সুবাদে ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বড় পর্দায়ও কাজ করার সুযোগ হয়েছিল তার, তবে সেখানে নিয়মিত হওয়া হয়নি। চলচ্চিত্রে নিয়মিত হতে না পারলেও নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়ে হঠাৎ হানা দেওয়া অসুস্থতা তার স্বাভাবিক কর্মজীবন থমকে দিয়েছিল। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর বড় ধরনের অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসাপর্বের মধ্য দিয়ে যেতে হয় তাকে। আপাতত পুরোপুরি সুস্থ হয়ে আবারও নিয়মিত অভিনয়ে ব্যস্ত হতে চান এই জনপ্রিয় অভিনেত্রী এবং এজন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ