ইরানের সঙ্গে কোনো ‘ত্রুটিপূর্ণ’ চুক্তি নয় , অপেক্ষায় ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৫ মে) : ইরানের সাথে কোনো ধরনের দুর্বল বা ত্রুটিপূর্ণ সমঝোতায় জড়াবে না যুক্তরাষ্ট্র। ভারত সফরকালে সোমবার (২৫ মে) সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মনোভাব স্পষ্ট করেছেন। সমসাময়িক ভূরাজনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদনের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তিটি চূড়ান্ত হতে বিলম্ব হওয়ার মূল কারণ ইরানের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও দীর্ঘ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তেহরানের পক্ষ থেকে চূড়ান্ত জবাবের জন্য ওয়াশিংটন বর্তমানে অপেক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী টেবিলে বর্তমানে একটি ‘খুবই শক্তিশালী প্রস্তাব’ রয়েছে। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের মাধ্যমে কৌশলগত হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সর্বদা উন্মুক্ত রাখা এবং দেশটির পারমাণবিক ইস্যু নিয়ে একটি নির্দিষ্ট সময়সীমাবদ্ধ ও অর্থবহ আলোচনা সচল রাখা।

সংবাদ সম্মেলনে মার্কো রুবিও জোর দিয়ে বলেন, ইরান চুক্তির উজ্জ্বল সম্ভাবনা এখনও পুরোপুরি বজায় রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো খারাপ চুক্তি করবেন না; এটা নিশ্চিত। তিনি একই সঙ্গে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভবিষ্যতে যে চুক্তিই স্বাক্ষরিত হোক না কেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল তাদের নিজস্ব নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার পুরোপুরি অক্ষুণ্ন রাখবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশা করছি এই শান্তি প্রক্রিয়া সফল হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে। আমরা বিশ্বের যেসব দেশের সঙ্গে এই বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করেছি, তারা সবাই একবাক্যে মনে করছে এটি শুধু যুক্তিসংগতই নয়, বরং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জন্য সবচেয়ে সঠিক পদক্ষেপ।’

ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক কৌশলের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, ওয়াশিংটন কোনো তাড়াহুড়ো করে বা চাপের মুখে পড়ে চুক্তিতে পৌঁছাতে চায় না। হোয়াইট হাউজ বর্তমান কূটনৈতিক প্রচেষ্টাকে সফল হওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ দিতে বদ্ধপরিকর এবং এই শান্তিপূর্ণ পথ ব্যর্থ হওয়ার পরই কেবল অন্য কোনো বিকল্প পথ বা কঠোর ব্যবস্থা বিবেচনা করা হবে।

সূত্র: আল জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ