‘আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই’: ময়মনসিংহে আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (২৪ মে) : বাংলাদেশ সরকারের বর্তমান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার বা তাঁর দল জুলাইয়ের কোনো প্রতিপক্ষ নয়।
আজ রবিবার (২৪ মে) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ক্যাম্পাস পরিদর্শনে এলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সফরকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘একটি বিশেষ মহল বিএনপিকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা ইতিমধ্যেই জাতীয় সংসদে এর উপযুক্ত জবাব দিচ্ছি। আমরা যে জুলাইয়ের প্রতিপক্ষ নই—এই সত্যটি সাধারণ শিক্ষার্থী এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আরও জোরালোভাবে প্রচার করা প্রয়োজন।’
তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক ধারার রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন আইনমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই আমি শিক্ষক মণ্ডলীর কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, উন্নত গবেষণা ও সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য, চলমান গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।
ক্যাম্পাস পরিদর্শন শেষে আইনমন্ত্রী ত্রিশালে আয়োজিত জাতীয় নজরুল জয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন।
মনোয়ারুল হক/
