পীরগঞ্জে ফুটবল খেলে পুকুরে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক (রংপুর), এবিসিনিউজবিডি, (২১ মে) : রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুলপড়ুয়া শিশুর অকাল মৃত্যু হয়েছে। খেলার পর পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিক্ষার্থী হলো— চতরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের আইজলের নাতি ও মোঃ সুরুজের ছেলে সাদমান। অন্যজন কাঞ্চন বাজার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং মহির উদ্দিনের নাতি ও মোঃ লুলুর বড় ছেলে মোঃ তামিম মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে সাদমান ও তামিমসহ চারজন মিলে গ্রামের একটি গহীন পুকুরে গোসল করতে নামে। মৃত দুই শিশুর কেউই সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই গভীর পানিতে তলিয়ে যায়।
সঙ্গীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানি থেকে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয়রা জানান, অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মেডিকেলে) নিয়ে যাওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত, কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ২০ মিনিটে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
একই গ্রামের দুই সম্ভাবনাময় কিশোরের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে চলছে মাতম। ঘটনার পর থেকে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
মনোয়ারুল হক/
