যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২১ মে) : বিশ্বমঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে এবার একাট্টা অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। গতকাল বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক শীর্ষ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই শক্ত অবস্থানের কথা জানান। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও যেন ‘জঙ্গলের আইন’ কায়েম না হয়, সে বিষয়ে দুই নেতাই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই পুতিন সেখানে যান। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পুতিন যুক্তরাষ্ট্রের নতুন মিসাইল ফিল্ড গঠন এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিলের কঠোর সমালোচনা করেন। বর্তমান ভঙ্গুর ও বিশৃঙ্খল বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে বেইজিং ও মস্কো একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

বৈঠক শেষে গতকাল চীন ও রাশিয়া একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে ট্রাম্পের ঘোষিত ১৭৫ বিলিয়ন ডলারের ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়। এই প্রকল্পের আওতায় আমেরিকার মিডওয়েস্টে একটি নতুন মিসাইল ক্ষেত্র তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দুই নেতা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টিরও সমালোচনা করেন। ট্রাম্প রাশিয়ার এক বছরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সাড়া না দেওয়ায় চুক্তিটি বাতিল হয়ে যায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ