পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীকরণের ঘোষণা অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ মে) : দেশের আর্থিক খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বড় ধরনের সংস্কারের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং সেবাসহ দেশের প্রধান প্রধান আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীকরণ করা হবে।
বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সামিটে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সব ধরনের আর্থিক সেবা কেবল রাজধানী কেন্দ্রিক রাখার দিন শেষ। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং ঢাকার ওপর চাপ কমাতে পুঁজিবাজার, রাজস্ব প্রশাসন ও ব্যাংক খাতকে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে। এই বিকেন্দ্রীকরণের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর অস্থিরতার মধ্য দিয়ে গেছে অনেক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে।
তিনি বলেন, ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না; ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের, আর ব্যাংকের অর্থ আমানতকারীদের।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে আর্থিক রিপোর্ট ছিল খামখেয়ালিপনায় ভরা, এতে প্রতারিত হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। সম্পদের সঠিক মূল্য যাচাই না করে বড় বড় ঋণ দেওয়ার কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণের মুখে পড়েছে এবং একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটেছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঢাকার বাইরেও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং প্রান্তিক অঞ্চলের উদ্যোক্তারা সহজে আর্থিক সুবিধা পাবেন।
মনোয়ারুল হক/
