র‍্যাবে আসছে বড় পরিবর্তন, হতে পারে নতুন নাম ও পৃথক আইন: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ মে): দেশের অন্যতম বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাবের কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভবিষ্যতে র‍্যাব বর্তমান কাঠামোয় পরিচালিত হবে না; বাহিনীটির জন্য আলাদা আইন প্রণয়ন এবং নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও কার্যক্রম তুলে ধরার সময় তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে একটি দক্ষ ও বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। সেই বাস্তবতা মাথায় রেখেই র‍্যাবকে নতুন কাঠামোয় পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার র‍্যাবকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহারের নীতিতে বিশ্বাস করে না। বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল কার্যক্রম নিশ্চিত করতেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, বিদ্যমান পরিকল্পনাটি মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছিল। তবে সেখানে পানি সংরক্ষণের বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত ছিল না।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রকল্পে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। সংশোধন শেষে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ