তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ও প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (রংপুর), এবিসিনিউজবিডি, (১৮ মে) : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার পরিকল্পনাটি বাস্তবায়নের প্রস্তুতি ও প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তবে এত বড় প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সময় ও কারিগরি কার্যক্রম সম্পন্ন হওয়া জরুরি।

সোমবার দুপুরে রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সময়ে পানিসম্পদ খাতে সরকারের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার পাচ্ছে। এর মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ উদ্যোগ এবং ফারাক্কা ইস্যু। এসব বিষয়ে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বড় অবকাঠামোগত প্রকল্প—বিশেষ করে বাঁধ বা ব্যারেজ নির্মাণের ক্ষেত্রে পরিবেশ, প্রযুক্তি ও প্রকৌশলগত নানা মূল্যায়ন প্রয়োজন হয়। সে কারণে বিষয়গুলো ধাপে ধাপে যাচাই-বাছাই করে অগ্রসর হতে হচ্ছে।

ফারাক্কা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর সংশ্লিষ্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে সরকার বিষয়টি নিয়ে নতুন উদ্যোগ ও আলোচনার পথ খুঁজছে। অতীত অভিজ্ঞতা বিবেচনায় রেখে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই এ বিষয়ে অগ্রসর হওয়ার কথা জানান তিনি।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ টেনে বলেন, সরকার গঠনের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের সুস্থ বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলার একটি বড় উদ্যোগ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদদের খুঁজে বের করতে সরকার এমন আয়োজন অব্যাহত রাখবে।

উত্তরাঞ্চলের তরুণদের ক্রীড়া সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে এ অঞ্চলের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আরএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী চৌধুরী, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জানা গেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর রংপুর বিভাগীয় পর্বে আট জেলার মোট ১ হাজার ৩৫৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। দাবা, ক্রিকেট, ফুটবল, সাঁতার, কাবাডিসহ আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে সপ্তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন এবং বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ