বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ মে) : চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ কার্যক্রম শুরু হচ্ছে।
রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের বিষয়েও অনুরোধ করেন।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। দক্ষতা, পরিশ্রম ও কাজের মানের কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও জানান, আগামীকাল শুরু হওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় দেড় হাজার চালক যাচাই-বাছাই করা হবে। চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগে কোম্পানিটি আগ্রহী।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাইয়ে যেতে একজন বাংলাদেশি চালকের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যেতে বাধ্য হন। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।
এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তারা আগ্রহী।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
