দেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ মে) : দেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিইডি) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভারতকেই নবায়নের বিষয়ে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে পানি ও পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িক সমস্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন।
আঞ্চলিক রাজনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করব না, তবে দাসত্বের শৃঙ্খলেও আবদ্ধ থাকব না।”
ফারাক্কা লংমার্চ দিবসের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা আদায় এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ