খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে আর্থিক সচ্ছলতা আনা সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট), এবিসিনিউজবিডি, (১৬ মে) : শুধুমাত্র বিশেষ দিবসগুলোতে নয়, সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা আমাদের দরকার। খেলাধুলাকে পেশা হিসেবে নিলে আর্থিক সচ্ছলতা আনা সম্ভব বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
তিনি বলেন, সারা বিশ্বে মানুষ খেলাকে পেশা হিসেবে গ্রহণ করছেন, আমাদের দেশেও অনেকেই গ্রহণ করছেন। জাতিকে আর্থিক-মানসিক সব ক্ষেত্রে একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার জন্য সরকার নানা কর্মসূচি নিয়েছে। সেসব কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে। এদেশ আবারও ঘুরে দাঁড়াবে।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে নিয়ে আসতে পারলেই আমরা একটি সুস্থ সমাজ ব্যবস্থা পাব। মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজকে সচেতন হতে হবে। বাচ্চারা যেন সন্ধ্যার পরে ঘরের বাইরে না থাকে সে ব্যবস্থা করতে হবে, মা বাবাকে বন্ধুর মতো আচরণ করতে হবে।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার মোট ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে ২০২৬।
মনোয়ারুল হক/
