হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবে চীনের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৬ মে) : হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের সমালোচনা করেছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেছেন, প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় কোনটিই সঠিক নয় এবং বর্তমান পরিস্থিতিতে এটি পাস হলে কোনো ইতিবাচক ফল আসবে না।

খসড়া প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে কূটনীতিকদের ধারণা, ভোটাভুটিতে গেলে চীন ও রাশিয়া এতে ভেটো দিতে পারে। গত মাসেও একই ধরনের যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল দুই দেশ। তাদের অভিযোগ ছিল, ওই প্রস্তাব একতরফাভাবে ইরানকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

জাতিসংঘবিষয়ক সংবাদমাধ্যম পাসব্লু প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফু কং বলেন, ‘আমরা মনে করি না প্রস্তাবটির বিষয়বস্তু সঠিক, এছাড়া এটি সময়োপযোগী নয়।’

তিনি আরও বলেন, ‘এখন প্রয়োজন উভয় পক্ষকে আন্তরিক ও কার্যকর আলোচনায় বসতে উৎসাহিত করা, যাতে সমস্যার সমাধান সম্ভব হয়। এই পর্যায়ে কোনো প্রস্তাব পাস হলে তা সহায়ক হবে না।’

ফু কং জানান, বর্তমানে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা চীনের সিদ্ধান্ত হলে প্রস্তাবটি ভোটে তোলা হতো না। তবে চীনের জাতিসংঘ মিশন জানিয়েছে, প্রস্তাব উত্থাপনকারী দেশগুলো আনুষ্ঠানিক অনুরোধ করলে সভাপতিত্বকারী দেশ হিসেবে ভোট আয়োজন করা তাদের দায়িত্ব। এখন পর্যন্ত এমন কোনো অনুরোধ আসেনি।

এদিকে এই মন্তব্য এসেছে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্টশি জিনপিং দুই দিনের বৈঠক শেষ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে দুই নেতা একমত হয়েছেন যে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকতে হবে এবং চীন এই জলপথকে সামরিকীকরণের বিরোধিতা করে। যদিও শি জিনপিং সরাসরি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছে, ‘এই সংঘাতের কখনোই শুরু হওয়া উচিত ছিল না, আর এটি চলমান থাকারও কোনো কারণ নেই।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ