একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ মে) : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়।

বুধবার (১৩ মে) সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন রয়েছে তিনটি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প।

এছাড়া সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প, পদ্মা ব্যারেজের প্রথম পর্যায় এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরো দু’টি প্রকল্প সম্পর্কে একনেক-কে অবহিত করা হয়। এগুলো হলো ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ