পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার ‘হ্যাটট্রিক’, টেস্ট জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ মে) : মিরপুরে পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিলেন নাহিদ রানা। সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী। পাকিস্তানকে যেভাবে দাপটের সঙ্গে গুঁড়িয়ে দিল টাইগাররা, তা শুধু একটি জয় নয়; দেশের ক্রিকেট ইতিহাসে লেখা হয়ে থাকবার মতো এক মহাকাব্য।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য ২০ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এ দুই দশকে টানা ১১টি ম্যাচে হেরেছে টাইগাররা। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে মিলেছে প্রথম জয়ের দেখা। দুই ম্যাচের ওই সিরিজে ২-০ ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ। আর এবার মিরপুর টেস্টেও পাকিস্তানকে হারালেন শান্তরা।

২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কটবিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান। আরেক ওপেনার আজান আওয়াইস করেন ৩৩ বলে ১৫ রান। আর দলনেতা নেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

৬৮ রানে তিন উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে ৫১ রান। ফিফটির দেখা পাওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৬৬ রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্থ করেন তাসকিন আহমেদ। সালমান করেন ৩৯ বলে ২৬ রান। ষষ্ঠ উইকেটে দলকে শঙ্কামুক্ত করার চেষ্টা চালান উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল। কিন্তু তাদের ক্রিজে থিতু দেননি টাইগার পেসার নাহিদ রানা। নিজের করা টানা দুই ওভারে শাকিল ও রিজওয়ানকে সাজঘরে পাঠান তিনি। এই দুই ব্যাটারই করেন ১৫ করে রান।

এরপর ১ রান করে হাসান আলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলিকে এলবিডব্লিউ করে পথটা আরও সহজ করে দিলেন তাইজুল ইসলাম। নবম ব্যাটার হিসেবে নোমান আলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাহিদ রানা। দশম ব্যাটার শাহিন শাহ আফ্রিদিকে বোকা বানান রানা। এতে পাকিস্তান গুটিয়ে গেছে ১৬৩ রানে।আর বাংলাদেশ ১০৪ রানের জয় পায়।

এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড ২৬৭ রানের। অর্থাৎ পাকিস্তানকে জিততে হলে করতে হবে ২৬৮ রান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ