সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টায় অনেকে লিপ্ত: ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (১১ মে) : এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত।
সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আলাদা রহমত। কারণ বিরোধী দল সরকারের সবকিছুর ভুলকে ধরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু আজকাল তো সরকারের ভুল ধরিয়ে দিতে চেষ্টা করে না। আজকের বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখছি—তারা সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়।’
তিনি বলেন, ‘এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এতো কাজ করছেন, এতো ভালো কাজ করছেন। উনি এতো পরিশ্রম করছেন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত—এটা অনেকেই সহ্য করতে পারছে না।’
কারা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করছে জানতে চাইলে তিনি বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা সবাই।
অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্মমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার যে আইনটা করেছিল, আইনটা (ডিজিটাল নিরাপত্তা আইন) ভালো ছিল। কিন্তু, আইনটাকে অপপ্রয়োগ করা হয়েছে। যারা তাদের মতের পক্ষে ছিল না, তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আইনটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো, সেক্ষেত্রে আইনটা খুব ভালো ছিল।’
বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
মনোয়ারুল হক/
