সাবেক মেয়র আইভীকে ১০ মামলায় হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মে) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রবিবার (১০ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন। তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়।

গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

পাঁচ মামলার মধ্যে চারটিতে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।

এরপর আইভীর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এর মধ্যে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ