ভ্রমণ সাহিত্য ও সৃজনশীলতায় কৃতিত্বের স্বীকৃতি প্রদান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ মে) : রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশ বিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (BDTWA) আয়োজিত এই অনুষ্ঠানে ভ্রমণ সাহিত্য, আলোকচিত্র ও সৃজনশীলতার বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য ৫ জন গুণী ব্যক্তিত্ব এবং একটি ভ্রমণ সাহিত্য পত্রিকাকে সম্মাননা জানানো হয়।
২০২৫ সালের পুরস্কার বিজয়ীরা হলেন:
• সৈয়দ মুজতবা আলী ভ্রমণ সাহিত্য পুরস্কার: মাহফুজুর রহমান
• রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল অ্যাওয়ার্ড: মুনতাসির মামুন
• সাইদা খানম ভ্রমণ আলোকচিত্র পুরস্কার: মুস্তাফিজ মামুন
• বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর: আনিসুজ্জামান সোহেল
• সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা: ভ্রমণগদ্য (সম্পাদক: মাহমুদ হাফিজ)
• সেরা ভ্রমণ বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর: সালাহউদ্দীন সুমন
যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, “সাধারণত গুণী মানুষদের মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু আমরা মনে করি, একজন মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশাতেই হওয়া উচিত।”
সভাপতির বক্তব্যে পর্যটন বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর পরিচালক মহিউদ্দিন হেলাল বলেন, “পর্যটন সাহিত্যের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। বিদেশে পর্যটন নিয়ে অনেক কাজ হলেও আমাদের দেশে সমন্বয়ের অভাব রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবীব, এএইচএম শফিকুজ্জামান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শোভন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফুয়াদ বিন ওমর ও শাকিল বিন মোস্তাক-এর সঞ্চালনায় পুরস্কারপ্রাপ্তদের কাজ নিয়ে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনটি জানিয়েছে, প্রতি দুই বছর অন্তর এই পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অতিথিদের উপহার সামগ্রী প্রদান করেছে মে ফেয়ার, সেভেন ডে’স নোট এবং ফোর হুইলস।
মনোয়ারুল হক/
