পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ মে) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এরইমধ্য দিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের পর প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দলটি।

শনিবার ‘সিটি অব জয়’ খ্যাত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ পাঠ করেন শুভেন্দু অধিকারী।

একসময় মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ সহযোগী ও তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন শুভেন্দু অধিকারী। পরে রাজনৈতিক অবস্থান বদলে বিজেপিতে যোগ দেন তিনি। সেই রাজনৈতিক যাত্রার পরিণতিতে আজ তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক নেতৃত্বের শীর্ষে পৌঁছালেন।

বর্তমান বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থানকে অনেকেই অত্যন্ত নাটকীয় ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

নন্দীগ্রাম ও ভবানীপুরের রাজনৈতিক লড়াইয়ে নিজস্ব অবস্থান তৈরি করে তিনি রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে আসেন।

নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের উপস্থিতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের গুরুত্বকেই তুলে ধরে।

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম দফায় শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশিত প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়াসহ আরও কয়েকজন নেতা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ