বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ মে) : মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ বাণিজ্য ও অপব্যবহার প্রতিরোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে সই করেন।

বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি।

চুক্তির আওতায় মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থপাচার এবং সংঘবদ্ধ অপরাধ দমনে দুই দেশ পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। পাশাপাশি সন্দেহভাজন পাচারকারী, অপরাধী চক্র, নতুন পাচার কৌশল ও রুট সম্পর্কে নিয়মিত তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়েও সম্মত হয়েছে উভয় পক্ষ।

এমওইউ অনুযায়ী, প্রয়োজনে যৌথ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’-এর মতো সমন্বিত অভিযান চালানো হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ ও গবেষণালব্ধ তথ্য বিনিময়ের ব্যবস্থাও থাকবে।

মাদক শনাক্তে প্রযুক্তিগত সরঞ্জাম ও স্নিফার ডগ ব্যবহারে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে অ্যান্টি নারকোটিক্স ফোর্স (এএনএফ) তথ্য আদান-প্রদানের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে।

চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে পরবর্তী ১০ বছর কার্যকর থাকবে। উভয় দেশের সম্মতিতে ভবিষ্যতে এর মেয়াদ বাড়ানো যাবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আদান-প্রদান হওয়া সব তথ্য ও নথির গোপনীয়তা রক্ষার বিষয়ে দুই দেশ অঙ্গীকার করেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ